November 24, 2026

শিশুর প্রতি স্পর্শকাতর সমাজ গঠনে হ্যালো

rifaat newaz

Published : 30 Oct 2016, 03:56 PM

Updated : 22 Jun 2022, 04:00 PM

'শিশুদের জন্য শিশুদের নিয়ে শিশুদের দিয়ে' নীতিকে অনুসরণ করে পরিচালিত হচ্ছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিশ্বের প্রথম শিশু সাংবাদিকতার এই সাইট শিশুর চিন্তার মানচিত্র প্রসারিত করতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। একদল দক্ষ সম্পাদকের তত্ত্বাবধানে ২০১৩ সালের মার্চে পথচলা শুরু করে এই প্ল্যাটফর্ম শিশুসহ দেশ-বিদেশের পাঠক মহলে সাড়া ফেলেছে। এর প্রভাবে শিশুর মত প্রকাশের স্বাধীনতায় সচেতন হয়ে উঠছে সব মহলই।

বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ১৮ বছরের মধ্যে। কিন্তু 'শিশু স্বার্থ' দেশের রাজনীতিসহ নীতিনির্ধারণে স্পর্শকাতর এজেন্ডা হয়ে ওঠেনি। দেশের সংবাদ জগতে মাত্র তিন শতাংশ জায়গা পেয়ে থাকে শিশুর বিষয়। কিন্তু দিন বদলে শিশুর পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে।

২০১৩ সালে ঢাকায় পুলিশ দম্পতি নিহতের ঘটনার সাথে সাথে তাদের কন্যাকে দায়ী করে পুলিশ। বিচারের আগেই মিডিয়া ট্রায়ালে সেই মেয়েটির প্রতি ঘৃণা ছড়ানো হতে থাকে। অপরাধী শিশুর পরিচয় গণমাধ্যমে আড়াল রাখার নীতি দারুণভাবে লঙ্ঘিত হয়। এ সময় "পুলিশকন্যার বয়স 'বাড়িয়ে' রিমান্ডে" শিরোনামে হ্যালোর সংবাদে সম্বিৎ ফিরে পায় মিডিয়া জগৎ, এমনকি পুলিশও। প্রতিবেদনে বলা হয়, 'শিশু অধিকার সনদের অঙ্গীকার মাথায় রেখে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিশুটির নাম ও চেহারা প্রকাশ করল না।' আইন অনুসারে মেয়েটি তখনও শিশু। তার বিচারে বয়স নির্ধারণে পুলিশ যথাযথভাবে আইন অনুসরণ না করলেও সংবাদ জগতে অপরাধী শিশুর স্বার্থ রক্ষায় সচেতনতা সৃষ্টির আভাস মিলতে শুরু করে।

হ্যালোতে শিশুদের করা সংবাদ সমাজের নজর কাড়ছে তার আরও অনেক প্রমাণ রয়েছে। সম্প্রতি দরিদ্র ঘরের সন্তান রিপনকে নিয়ে হ্যালোতে প্রথম প্রতিবেদন হয়Ñ'বৃক্ষশিশু'। হ্যালোর সংবাদের পর তার চিকিৎসায় এগিয়ে আসে প্রশাসন, জাতীয় গণমাধ্যম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এর আগে প্রশাসন জামালপুরে এক স্কুলের বেদখল জায়গা উদ্ধার করে হ্যালোতে সংবাদ হওয়ায়। কুড়িগ্রাম পৌরসভায় ডাস্টবিন নির্মাণ, প্রতিবন্ধীসহ অসহায় অনেক মেধাবী শিশুর লেখাপড়ায় সহায়তার ঘটনার নেপথ্যে হ্যালোর সংবাদ অনুঘটক। এক শ্মশানের জমি উদ্ধার, দাউদপুর ডিগ্রি কলেজের শহীদ মিনার পরিচ্ছন্ন করা, পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল (বিএ) মাদ্রাসায় মুক্তিযুদ্ধ নিয়ে পাঠদানÑ এমন নানা ক্ষেত্রে এই শিশু সাংবাদিকরা অবদান রেখেছে।

শুধু তাই নয়, হ্যালোর শিশু সাংবাদিকরা বিদেশ থেকেও সংবাদ করে থাকে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর সপ্তরে একজন শিশু সাংবাদিকের সফরের অভিজ্ঞতা হ্যালোর ঝুলিতে। ইউনিসেফের সদর দপ্তর থেকে করা সংবাদ থেকে তথ্য নিয়ে পরবর্তীতে সরকারের তথ্য বাতায়নে হ্যালোর নাম উল্লেখ করেও ব্যবহার করতে দেখা যাচ্ছে। সেখানে সে এমন সব ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেয় যা দেশের বড় সাংবাদিকরাও করতে পারেনি। এমনকি নিরাপত্তা পরিষদের প্রেস উইংয়ে বসার সুযোগও পায় সে। এছাড়া বিশ্বকাপ ফুটবলের সময় আনন্দ ভাগাভাগি করে নিতে ব্রাজিলের দুটি শিশুর লেখা হ্যালোতে প্রকাশিত হয়।

২০১৩ সালে ইউনিসেফের সহযোগিতায় ২০টি জেলার প্রায় তিন হাজার আগ্রহী শিশুর মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে বাছাই করা দুইশর বেশি শিশুকে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। পরের বছর এক মোবাইল অপারেটরের সহায়তায় ২৪টি জেলায় পাঁচ হাজারের বেশি শিশুর অংশগ্রহণ করে শিশু সাংবাদিক উৎসবে। তাদের মধ্য থেকে নির্বাচিতরা অংশ নেয় কর্মশালায়। এছাড়া অনলাইনে অবিরত চলছে শিশুদের প্রশিক্ষণের কাজ। তাদের অনেকেই প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা সুবিধাবঞ্চিত শিশু, কেউবা শারীরিক প্রতিবন্ধী। হ্যালোতে যুক্ত হয়ে যাদের অনেকের জীবন নতুন দিশা পেয়েছে।

শিশুর বিকাশে সৃজনশীল শিক্ষার সফল প্রয়োগ হচ্ছে হ্যালোতে। দেশ-বিদেশের নানা বিষয়ে সংবাদ ছাড়াও শিশুরা প্রবন্ধ-মতামত লিখে থাকে এখানে। প্রতি বছর ইউনিসেফ পরিচালিত মীনা অ্যাওয়ার্ড অর্জন বলে দেয় তাদের যোগ্য হয়ে ওঠার কথা। এ বছরও হ্যালোর ছয় শিশুর প্রতিবেদন মনোনয়ন পায় এই প্রতিযোগিতায়।

এছাড়া হ্যালোর সন্তানরা বয়স উত্তীর্ণ হয়ে এরই মধ্যে স্ব-স্ব ক্ষেত্রে অপিনিয়ন-লিডার হয়ে উঠছে। টেলিভিশন চ্যানেলগুলোসহ অন্যান্য গণমাধ্যম আগ্রহ ভরে তাদের কাজে লাগাচ্ছে।

গ্রন্থনা: মুজতবা হাকিম প্লেটো

Related Stories