November 23, 2026

হাতের মুঠোয় শিল্পসাহিত্য

rifaat newaz

Published : 30 Oct 2016, 04:00 PM

Updated : 22 Jun 2022, 04:00 PM

সৃষ্টিশীলতার উৎস প্রায়-ব্যাখ্যাতীত এক বিমূর্ত মানবচেতনা, যা প্রকাশিত হওয়ার স্তরেই কোনো-না-কোনো মূর্ত রূপ গ্রহণ করে থাকে। যেমন ভাব-রূপ, স্মৃতি-রূপ, শ্রুতি-রূপ, দৃশ্য-রূপ, আলো-রূপ বা অন্যকিছু। এই অভিব্যক্তি বা রূপাশ্রয় মূলত অন্যের বোধে ও চিত্তে নিজের অনুভূতিকে সংবাদ হিসেবে প্রেরণ করার প্রক্রিয়া মাত্র। মানুষে মানুষে যোগাযোগের এই হচ্ছে সনাতন ও প্রচলিত রীতি। সৃষ্টিশীল চেতনাকে বাণীরূপে অন্যের চিত্তে সম্প্রসারিত করতে পারার এই ক্ষমতাই মানুষকে অন্য প্রাণীর চেয়ে স্বতন্ত্র ও শ্রেয়তর করেছে।

যতক্ষণ তথ্য বা বাণী ভাব-রূপে থাকে, ততক্ষণ তা ব্যক্তি¯্রষ্টার চেতনায় মিশে থাকে। তারপর তা বাণী হয়ে উচ্চারিত ধ্বনির রূপ নেয় এবং অন্যকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করে। তাই তো ইশারা-ভাষার পাশাপাশি আদিমানুষের উচ্চারিত ধ্বনি মানব যোগাযোগের আদিবাহন হিসেবে স্বীকৃত। আর এভাবেই গুহাচিত্র বা বল্কল-চিত্রের পাশাপাশি সমিল বা অমিল ধ্বনি-বাহিত বাণী-বয়ান আদিশিল্পের আদি প্রকাশ-মাধ্যম হয়ে উঠেছে। আমরা তাকেই ওরাল ট্র্যাডিশন বা স্মৃতিনির্ভর মৌখিক ঐতিহ্য বলে শনাক্ত করি।

এই বয়ান মূলত শ্রুতিসিদ্ধ ও স্মৃতিবাহিত। আফ্রিকার গ্রিয়ট-সম্প্রদায় বা লোকবাংলার স্বভাব কবিদের মতো পৃথিবীর সকল লোকসমাজে তাদের উপস্থিতি লক্ষ করা যায়। স্মরণাতীত কাল থেকে শুরু করে প্রথমে কাগজ ও পরে মুদ্রণযন্ত্র আবিষ্কারের পূর্ব পর্যন্ত সংবাদ পরিবহন ও জ্ঞানবিতরণের এই পদ্ধতি অব্যাহত ছিল। মূলত মুদ্রণযন্ত্র আবিষ্কার ও পরবর্তীকালে তার অস্বাভাবিক অগ্রগতিই মানব-সভ্যতা ও নান্দনিক সৃষ্টিশীলতার দ্রুত প্রসারের মূল নিয়ামক। তবে বিংশ শতাব্দীর শেষার্ধে এসে আলোকবাহিত ডিজিটাল পদ্ধতি তথ্যভিত্তিক যোগাযোগ ও জ্ঞানবিতরণে অভূতপূর্ব বিপ্লব ঘটিয়ে চলেছে। আর তার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।

এ ক্ষেত্রে বাংলাদেশে সর্বপ্রথম সক্রিয় ভূমিকা নিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০০৬ সালে প্রথমে নিউজ পোর্টাল হিসেবে কাজ শুরু করে এবং পরে শিল্পসাহিত্যবিষয়ক নানাবিধ সৃষ্টিকর্ম ডিজিটাল মাধ্যমে প্রকাশ, প্রচার ও স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বলা বাহুল্য, উভয় ক্ষেত্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রথম সফল উদ্যোক্তা। শেষোক্ত কাজটি করার জন্যে এই সংস্থা আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে একটি পৃথক ও স্বয়ংসম্পূর্ণ বিভাগ প্রচলন করে ২০০৭ সালে। এই বিভাগ প্রতিদিন, কখনো কখনো দিনে একাধিকবার গল্প, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, সাক্ষাৎকার, সংবাদ, গ্রন্থালোচনাসহ শিল্পসাহিত্যের বিভিন্ন আঙ্গিকের নানা রকম সৃষ্টিকর্ম নিয়মিত প্রকাশ করে আসছে। ফলে সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক বা ত্রৈমাসিক বিরতিতে নয়, সংবাদের পাশাপাশি সাহিত্য এখন সংবাদপত্রের নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে উঠেছে। এটিকে এখন দৈনিক পোর্টালের দৈনিক সাহিত্য বিভাগ বললে ভুল হবে না।

সবচেয়ে বড় কথা, এটি মুহূর্তেই অসংখ্য পাঠক-পাঠিকার গোচরীভূত হচ্ছে। কতজন এই সৃষ্টিকর্মটি পাঠ করলেন বা উপভোগ করলেন তা কর্মটির নিচে প্রদর্শিত হচ্ছে। পাঠক-পাঠিকা প্রতিটি রচনা সম্পর্কে নিজের মতামত জ্ঞাপন করতে পারেন। এতে লেখক-পাঠক-প্রকাশক সবাই উপকৃত হন। একটি দৈনিক পত্রিকা, সাময়িকী বা বই যেখানে কয়েকশ থেকে কয়েক হাজার পাঠক-পাঠিকার কাছে পৌঁছায়, সেখানে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশিত রচনা মুহূর্তেই লক্ষ লক্ষ পাঠক-পাঠিকার গোচরীভূত হয়ে যায়। আর তা সংরক্ষিত থাকে দীর্ঘকাল।

ঠিক একই কথা ভিডিও চিত্র, চিত্রকলা, আবৃত্তি বা অন্য কোনো মাধ্যমের সৃষ্টিকর্ম সম্পর্কেও প্রযোজ্য। এই পদ্ধতি এতই অভিনব ও সুবিধাজনক যে আমরা বাংলা ভাষার অনেক আকরগ্রন্থ ডিজিটাল আকারে সংরক্ষণ করে রেখেছি। এভাবেই গড়ে উঠেছে বাংলাদেশ ও বাংলা ভাষাসহ বিশ্বের তাবৎ জ্ঞানভা-ারের একটি ডিজিটাল লাইব্রেরি। এতে সাধারণ পাঠক থেকে শুরু করে সাংবাদিক, গবেষক, শিক্ষার্থী ও সকল পেশার মানুষ নিজ নিজ প্রায়োগিক প্রয়োজনে এই সব গন্থ বা রচনা বা কর্ম বা উদ্ধৃতি নির্ভুলভাবে গ্রহণ ও ব্যবহার করতে পারেন। বিশ্বের শিল্পসাহিত্যের বিচিত্র সৃষ্টি সম্ভারকে এভাবেই আপন হাতের মুঠোয় পুরে নিয়েছি আমরা।

বাঙালি যেমন তার জন্মভূমি পার হয়ে পৃথিবীর বিচিত্র প্রান্তে ছড়িয়ে পড়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে তার ভাষিক ও সাংস্কৃতিক সৃষ্টিসম্পদ। বাঙালিও হয়ে উঠেছে বিশ্ববাঙালি। ঘরে-বাইরে দেশে-বিদেশে এই তাবৎ বিশ্ববাঙালি তথা সকল সৃষ্টিপিপাসু মানুষের জন্যে আমাদের এই আয়োজন দিন দিন বৈচিত্র্যময় ও বর্ধিত হারে ব্যবহারক্ষম করার নিত্যনতুন পরিকল্পনাও আমাদের আছে। এই আয়োজন জ্ঞানের, মঙ্গলের, আনন্দের ও সামষ্টিক সম্প্রসারণের।

এই আনন্দময় সৃষ্টিযাত্রায় সকলকে উদার আমন্ত্রণ।

মুহম্মদ নূরুল হুদা
কবি, আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক

Related Stories