November 23, 2026

প্রিজমের ক্যামেরায় ফুটছে শিশুর চোখ

rifaat newaz

Published : 30 Oct 2016, 03:54 PM

Updated : 22 Jun 2022, 04:00 PM

সত্যি! নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের শিশু-কিশোরেরা। গেল ৯ এপ্রিল প্রিজমের উদ্বোধনে উনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লিয়ানা কুপেনসও সেকথাই বলেছিলেন। প্রিজমের উদ্বোধন অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিও একই আশার কথা শুনিয়েছিলেন। এটা যে অনন্য ব্যাপার হতে চলেছে তা ধরা পড়ে যখন ব্রিটেনের গার্ডিয়ান অথবা জার্মানির ডয়েচে ভেলের মতো সংবাদমাধ্যম প্রিজমের উদ্যোগ নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে বড়সড় নিবন্ধ প্রকাশ করে। ইন্টারনেটে বাংলাদেশের শিশুরা বিপুল হারে বিচরণ করছে। বরাবরই ভিজুয়াল মিডিয়া শিশুদের কাছে বিস্ময়ের, তাই এর প্রতি তাদের আগ্রহও বেশি। এতে শিশু-কিশোরদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যকর আনাগোনার জন্য যেমন তাদের সচেতন করে গড়ে তোলা দরকার, তেমনি তাদের উপযোগী প্রচুর বাংলা কনটেন্টও জরুরি। তাই হাতে হাতে ছড়িয়ে পড়া ইন্টারনেট যেন শিশুবান্ধব হয়, যেন তাদের সমস্যা-ভাবনা-আকাক্সক্ষার ভিজুয়াল রূপ সেখানে তুলে ধরতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছে প্রিজম। শুরুতেই সাতটি জেলায় ইউনিসেফের সহযোগিতায় ১০৫ জন নির্বাচিত শিশু-কিশোরকে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভিডিও করা, ছবির ভাষা থেকে শুরু করে সাংবাদিকতার প্রাথমিক পাঠও তারা নিয়েছে একদল দক্ষ সাংবাদিকের কাছে। এই শিক্ষাকে কাজে লাগিয়ে তারা ভিডিওতে তুলে আনছে সমবয়সীদের সমস্যাসহ তাদের পছন্দের নানান বিষয়। শুধু কেন্দ্রীয়ভাবে নয়, জেলা পর্যায়েও তাদের দিকনির্দেশনায় নিয়োজিত রয়েছেন অভিজ্ঞ সাংবাদিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদ পৃষ্ঠায় প্রতিদিনই তাদের করা ভিডিও স্টোরির নতুন নতুন মুখ ভেসে উঠছে। প্রিজম একই সাথে ভিজুয়াল কনটেন্টভিত্তিক সাইট এবং ব্রডকাস্ট শিশু সাংবাদিকতার এজেন্সি। আগ্রহী যে কোনো টেলিভিশন চ্যানেল প্রিজমের কনটেন্ট বিনামূল্যে পেতে পারে। এসব খুদে সাংবাদিককে প্রণোদনা দিতে এরই মধ্যে সাতটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে চুক্তি করেছে। প্রিজমে শিশুদের করা তাদের পছন্দের ভিডিও স্টোরি নিজেদের চ্যানেলে প্রচার করছে তারা। নিবিড়ভাবে পরিচালিত সাত জেলা ছাড়াও অন্যান্য জেলার শিশুরা তাদের ভিডিও কনটেন্ট পাঠাতে শুরু করেছে। ওরাও দক্ষ সম্পাদকদের পরিচর্যা থেকে বঞ্চিত হচ্ছে না। ডিজিটাল মাধ্যমে চলছে তাদের গড়াপেটা প্রতিনিয়ত। এরই মধ্যে নজর কাড়া বেশ কিছু স্টোরি তাদের ক্যামেরায় উঠেছে। নেত্রকোনায় হাজারও কিশোরীর কারাতে শেখা, নারায়ণগঞ্জে শত প্রতিকূলতার ভেতর প্রমীলা ফুটবলের গড়ে ওঠা, মানিকগঞ্জে কিশোরদের সাইকেলের নানান কসরত আয়ত্ত করা, দরিদ্র ঘরের বাড়ি পালানো শিশুর অপরাধ জগতে জড়িয়ে পড়া, বান্দরবানের বিদ্যুৎহীন এলাকায় পাহাড়ি শিশুদের শিক্ষার দীপ জ্বেলে চলা, বয়ঃসন্ধিকালে বাবা-মার সাথে সন্তানের সম্পর্ক নিয়ে  ঝাপড়া, শ্রমজীবী শিশুদের জীবন, এমন অনেক বিষয় তাদের ক্যামেরার ফোকাসে আসার কথা বলা যায়।

গ্রন্থনা: মুজতবা হাকিম প্লেটো

Related Stories